নবম পে কমিশন গঠন ও ৫ দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে কমিশন গঠন ও ৫ দফা দাবি সরকারি কর্মচারীদের
বেতন নির্ধারণ, নবম পে কমিশন গঠনসহ ৫দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে সংগঠনটির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত 'বৈষম্যহীন নবম বেতন কমিশনের ঘোষণা চাই' শীর্ষক আলোচনা সভায় এসব দাবি তুলে ধরেন বলেন কর্মচারী ও নেতারা।
অনুষ্ঠানে ৫দফা পূরণের দাবি পেশ করেন সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের ১০ ধাপে বেতন নির্ধারণসহ ৯ম বেতন কমিশন গঠন, সচিবালয়ের সঙ্গে সারা দেশের কর্মচারীদের পদবী ও বেতন বৈষম্য নিরসন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড স্কেল, শতভাগ পেনশন ভাতা পুনর্বহাল করতে হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, রাষ্ট্রের প্রশাসনিক পদে সর্বোচ্চ বেতন ২ লাখ টাকা আর একজন কর্মচারীর বেতন ১৫ হাজার টাকা। বেতন কাটা মতে এত বৈষম্য ভারত নেপাল শ্রীলঙ্কাতেও নেই। তাই বেতন বৈষম্য বিরোধী দাবির আলোকে কর্মচারীদের পদ পদবী, আর্থিক বৈষম্য নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
সৈয়দ সারোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, ডব্লিউ এফ টি ইউ'র প্রেসিডিয়াম সদস্য মেজবাহ উদ্দীন আহমেদ, বাংলাদেশ ইউনিটি অব লেবার স্ট্যাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাবেক সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, রাজউক কর্মচারীর শ্রমিক ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন হেলাল, গণপূর্ত কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ প্রমুখ।
