জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন যারা
জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন যারা
আগামী ২২-২৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে তার সফরসঙ্গী যারা হচ্ছেন, তাদের মধ্যে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমসহ সাত জনের নাম পাওয়া গেছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
222
এতে বলা হয়, প্রধান উপদেষ্টা আগামী ২২-২৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে যাবেন। এ সফরকালে তার সফরসঙ্গী হবেন, ড. ইউনূসের মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অন্তর্বর্তী সরকারের গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার একান্ত সচিব শাব্বীর আহমদ, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি।
222
গত ১ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন। ড. মুহাম্মদ ইউনূস অল্প সময়ের সফর শেষে নিউইয়র্ক থেকে শিগগিরই দেশে ফিরে আসবেন বলেও জানান তিনি।

